
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ঋণের বোঝা সইতে না পেরে মৃত্যুঞ্জয় সরকার (৪৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। সোমবার (৩ জানুয়ারী) ভোররাতে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন তাঁর স্ত্রী। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত. বিনোদচন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃতুঞ্জয় সরকার নিজের জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাঁর স্ত্রী ও দুুই সন্তান রয়েছে। কয়েক বছর আগে পারিবারিক কারণে জমিজমা বিক্রি শুরু করেন। এরপর অভাব নেমে আসে। এনজিও এবং স্থানীয় সমিতির কাছে ঋন নিয়ে সংসার চালাতে থাকেন। একের পর এক বিভিন্ন এনজিও এবং সমিতির কাছে ২০ লাখের বেশি টাকা ঋণ হয়। ৩ বছর ধরে ঋণের সুদের টাকা দিয়ে আসছেন। কিন্তু কিছুতেই ঋণ পরিশোধ হয়না।
এদিকে, জমিজমা বিক্রি করে স্ত্রী সন্তান নিয়ে পথে বসেছেন মৃতুঞ্জয়। অন্যদিকে সুদের টাকার জন্য চাপ দিচ্ছিল সমিতির লোকজন। এতে, দিশেহারা হয়ে পড়েন তিনি। তাই, সোমবার রাতে নিজ শয়ন ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ওই কৃষক।
স্থানীয় ইউপি সদস্য স্বপন চন্দ্র জানান, ঋণে জর্জরিত হয়ে পড়েন মৃত্যুঞ্জয়। জমিজমা বিক্রি করে নিঃস্ব হয়ে যান। ঋণের চাপে পড়ে তিনি আত্মহত্যার পথ বেচে নেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, একদিকে দারিদ্র্যতা, পরিবারের সদস্যদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছিলেন মৃত্যুঞ্জয়। অন্যদিকে ঋণের টাকার চাপ। সোমবার রাতের কোনো সময়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ভনুরানী বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। তবে, পরিবারের অনুরোধে লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার