রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ১৬

নিউজ ডেস্ক:

রংপুরে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। বিশেষ করে উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে এ জনপদের মানুষ। এতে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ বেশী বিপাকে পড়েছেন। শীতের কবল থেকে রক্ষা পেতে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গত পাঁচদিনে শিশু ও নারীসহ ১৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শীতের কবল থেকে রক্ষা পেতে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গত পাঁচ দিনে ১৬ জন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক বৃদ্ধাসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত নারী ও শিশুরা বেশী দগ্ধ হচ্ছেন। গত বছর অগ্নিদগ্ধ হয়ে ২৫ জনের বেশি মারা গিয়েছিল। এবারও শীতের শুরু থেকে দগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে।

সরেজমিনে বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে, তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশীরভাগের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন সাহেদা খাতুন। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।

সাহেদা খাতুনের বড় ছেলে নূর আলম জানান, বাড়িতে আগুন পোহাতে গিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে শরীরের বেশির ভাগ জায়গা দগ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে আনা হয়েছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিলেও টাকার অভাবে রংপুরেই চিকিৎসা চলছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, এ অঞ্চলে উত্তরের হিমেল বাতাসে মানুষ বেশী কাবু হয়ে পড়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রংপুরে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কম।

তবে ২ থেকে ৩ দিনের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে। বার্তা২৪

এম২৪নিউজ/আখতার

Leave a Reply