স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন জাকির হোসেন সরকার

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলা শঠিবাড়ীতে ১৭টি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় ভার্সূয়ালি বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জাকির হোসেন সরকার  বলেন, আমার পদত্যাগপত্র গৃহীত করেছে পল্লী ও সমবায় মন্ত্রণালয়। নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোন বাঁধা নেই। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত।

এর একদিন আগে সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন জাকির হোসেন সরকার। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। জাকির হোসেন সরকার ৩৭ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দু’দফা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাকির হোসেন সরকারের সমর্থকেরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিনসিগন্যাল রয়েছে। মিঠাপুকুরের জাকির হোসেন সরকার জনপ্রিয়তার অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুনে বেশি। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার জাকির হোসেন সরকারের গলায় জড়াবে বলে জানান সমর্থকরা। তারা আরও জানান, জাকির হোসেন সরকার উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পদত্যাগ করায় মিঠাপুকুরের রাজনৈতিক অঙ্গনে তৃনমুলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply