
মো: শামীম আখতার:
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে রংপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। জনগণ পুলিশের কাছ থেকে যেন স্বল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশ গড়ে তোলা হচ্ছে। পুলিশের সেবা তাৎক্ষণিক পেতে জরুরি সেবা ‘৯৯৯’ চালু করা হয়েছে। খুব দক্ষতার সঙ্গে এক্ষেত্রে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর থানার আয়োজনে মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসপি বিপ্লব কুমার সরকার এসব কথা বলেন।
তিনি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবাভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগীতার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাসের সভাপতিত্বে মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফজলে এলাহী, মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, বৈরাতিহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম তালুকদার প্রমুখ।

