দখল ও কাদায় বেহাল মিঠাপুকুরের পদাগঞ্জ হাট, আম কেনাবেচায় বিপর্যস্ত চাষি ও পাইকাররা

স্টাফ রিপোর্টার:

দেশসেরা হাঁড়িভাঙ্গা আমের মৌসুম শুরু হয়েছে। আজ বুধবার (১৫ জুন) থেকে পুরোদ্যমে বাজারে আসছে বিখ্যাত এই আম। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিদিন কোটি টাকা মূল্যের কয়েক’শ ট্রাক আম দুর-দুরান্তে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। ফুলে ফেঁপে উঠেছে হাঁড়িভাঙ্গা আম কেন্দ্রিক স্থানীয় অর্থনীতি। কিন্তু, বিষফোঁড় হয়ে দাঁড়িয়েছে হাটের জায়গা বে-দখল ও কর্দমাক্ত। এরফলে হাটে আম কেনা-বেচা করতে আসা চাষী ও পাইকারেরা পড়ছেন মহাবিপদে। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে আম বিক্রি করতে হচ্ছে। সেখানেও শান্তি নেই তাদের। স্থানীয় প্রায় শতাধীক দোকানদার রাস্তার জায়গায় বে-দখল করে রেখেছে।

মিঠাপুকুর (রংপুর): দখল ও কাদায় বেহাল পদাগঞ্জ হাট, আম কেনাবেচায় বিপর্যস্ত চাষি ও পাইকাররা

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা পদাগঞ্জ হাট। এই হাটে ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আড়ৎ বসে। প্রতিদিন দুর-দুরান্ত হতে পাইকারেরা আসেন আম কিনতে। গড়ে ২শ ট্রাক আম বেচা-কেনা হয় এই হাটে। কিন্তু, হাটে নেই পর্যাপ্ত জায়গা। বেশিভাগই বে-দখল করে রেখেছে স্থানীয়রা।

এছাড়াও, হাটে জায়গা সংকুলান না হওয়ায় আমচাষীরা রাস্তায় বসে বেচা-কেনা করত। কিন্তু, সেখানেও স্থানীয় দোকানদারেরা রাস্তার জায়গা দখল করে রেখেছেন। আমচাষীরা অবৈধ ভাবে দখল হওয়া সম্পত্তি উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

পদাগঞ্জ হাটে আম বিক্রি করতে আসা চাষী আকবর আলী বলেন, ‘এই ঐতিহ্যবাহী হাটে আম বিক্রি করতে নানাবিধ সমস্যার সম্মুখিন হচ্ছি। হাটে জায়গা নেই, বেশিভাগই কাদায় পরিপূর্ণ। এছাড়াও, অবৈধ দোকাঘর বসিয়ে হাট ও রাস্তার জায়গা দখল করা হয়েছে। তাদের উচ্ছেদ করা প্রয়োজন।

হাটের বেশকিছু জায়গা দখলে নিয়ে হোটেল ও পানের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন স্থানীয় শ্রী শাপলা চন্দ্র নামে এক ব্যক্তি। তিনি বলেন, দোকান যেহেতু রাস্তায় পড়েছে তাহলে তো সরাতেই হবে।

ভাড়াটিয়া নজুরুল ইসলাম বলেন, ‘জায়গা নাই। ব্যবসা করি কিভাবে? তাই, রাস্তার ধারে জায়গা নিয়ে দোকান করেছি।’ একই কথা বলেন আরো অনেকে।

পান ব্যবসায়ী চান্দু মিয়া বলেন, আমরা চার ভাই নিজের জায়গায় ব্যবসা করি। মাপজোখের পর আমার দোকানের কিছু অংশ রাস্তায় পড়েছে। আরো অনেকের দোকান রাস্তায় পড়েছে। সবাই যদি দোকান সরায় নেয় আমিও সরাবো।

পদাগঞ্জ হাট ইজারাদার কামরুজ্জামান বলেন, ‘অনেক চেষ্টা করেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছেনা। তাই, হাঁড়িভাঙ্গা আমের বাজার সংকোচিত হয়ে পড়েছে।’

খোড়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, ‘হাঁড়িভাঙ্গা আম আমাদের ঐতিহ্য। এই আম স্থানীয় অর্থনীতিতে চাঙ্গা ভাব এনেছে। কিন্তু, হাটে আম বেচা-কেনা করার পর্যাপ্ত জায়গা নেই। বেশিভাগ জায়গা বে-দখলে রয়েছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা বলেন, ‘হাটের উন্নয়নে ইতোমধ্যে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। শিঘ্রই অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply