মিঠাপুকুরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে অজ্ঞাত এক যুবকের গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক সতেরো থেকে উনিশ বছর হবে।

শুক্রবার সকালে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুকনীগঞ্জ এলাকায় একটি আমবাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, অজ্ঞাতনামা ওই যুবকের পরনে ফুলপ্যান্ট ও গায়ে ফুলহাতা জামা ছিল। তার গায়ের রঙ শ্যামলা। আমবাগানের ভেতরে গলাকাটা অবস্থায় লাশের পাশে একটি লাঠি ও এনার্জিড্রিংসের বোতল পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশে মাটিতে রক্ত জমাট বাধা ছিল। গ্রাম পুলিশ মোকছেদুল হকের ধারণা, বাইরে থেকে নিয়ে এসে দুর্বৃত্তরা ওই যুবকের গলাকেটে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

খোড়াগাছ ইউপি সদস্য আনিছুল হক জানান, ‘সকালের দিকে স্থানীয়রা গলাকাটা যুবকের লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে থানা পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ওই যুবক অটোভ্যান চালক হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, ধরনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও থেকে এখানে এনে হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে। পিবিআইয়ের সদস্যদের দিয়ে অধিকতর তদন্ত করে ওই যুবকের নাম ঠিকানা ও ঘাতকদের খুজে বের করার চেষ্টা চলছে।

এম২৪নিউজ/আখতার