
বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের –
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে জেঠাতো ভাইয়ের হাতে নির্মমভাবে প্রান হারালেন ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক। শুক্রবার সকালে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, নিহতের বাবা সুলতান আলী ও তার বড়ভাই মানিক মিয়ার মধ্যে বসতবাড়ীর সীমানা ও চলাচল রাস্তা নিয়ে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। এ বিরোধ নিরসনের জন্য গত ১৪ জানুয়ারী স্থানীয় চেয়ারম্যান দিলীপ পাইকাড় ও গন্যমান্য ব্যাক্তি সহ উভয়পক্ষকে নিয়ে জমি মাপ-যোগ করে শালিশী বৈঠকে সমাধান দেন। কিন্তু, বড়ভাই মানিক মিয়া ওই শালিশী বৈঠক অমান্য করে। এর প্রতিবাদ করায় পরদিন ১৫ জানুয়ারী বুধবার সকালে মানিক মিয়া ও তার ছেলে হাসান, মহাসীন ও রেজাউল লাঠি-সোটা ও রড় নিয়ে ইসমাইলের উপর হামলা চালায়। তারা ইসমাইলকে বেদম মারপিট করাসহ বুকে-পাজরে প্রচন্ড আঘাত করে। এতে ইসমাইল ঘটনাস্থলেই জ্ঞান হারায়।
প্রতিবেশী লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ইসমাইল মৃত্যুবরন করেন।
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে।
উল্লেখ্য, ১১দিন আগে ইসমাইল হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।