
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে শাহ্ আলম তালুকদার নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে বিদ্যালয় চলাকালে কৌশলে ছাত্রীদেরকে তার কাছে ডেকে নিতেন প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদার মিরন। এরপর নানা অজুহাতে ছাত্রীদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত বুলিয়ে দেন। এভাবে দিনের পর দিন কোমলমতি ছাত্রীদের যৌন নিপীড়ন চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ভয় ও লজ্জায় বিষয়টি এতদিন গোপন রেখেছিল তারা।
সম্প্রতি তৃতীয় শ্রেণির কয়েকজন ছাত্রী বিদ্যালয়ে যেতে না চাওয়ায় সন্দেহ তৈরি হয়। অভিভাবকরা বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চাইলে, যৌন হয়রানির বিষয়টি বলেন তারা। ছাত্রীরা বলেন- দোতলায় ছাদের উপরে খেলাধুলা করার সময় ঐ শিক্ষক ছাত্রীদেরকে জড়িয়ে ধরে কোলে নেন এবং শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। এভাবে অনেক দিন ধরে তিনি এ কাজ করে আসছেন। সবশেষ গত ২২ ডিসেম্বর একই ঘটনা ঘটে।
এ ঘটনা এক ছাত্রীর অভিভাবক মিঠাপুকুর থানায় রোববার একটি মামলা করেন। পুলিশ ঐ অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক শাহ্ আলম তালুকদারকে গ্রেফতার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা করার সঙ্গে সঙ্গে একমাত্র আসামি প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার