মিঠাপুকুরে শিশু রাব্বি হত্যা ঘটনায় দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে শিশুপুত্র গোলাম রব্বানী রাব্বী (৭) হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যাকান্ডে ব্যবহৃত ১টি মোবাইল, ৯টি সিমকার্ড ও ১টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাব্বীকে অপহরণ ও ৩০ হাজার টাকা মুক্তিপণের দাবি এবং হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালপুর ইউনিয়নের গোকর্ন গ্রামের বাদল মিয়ার পুত্র আল আমিন (১৬) এবং জাহাঙ্গীর হোসেনের পুত্র মহিদুল ইসলাম ওরফে মুশফিকুর (২৬)।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, তারা দুই জন গত শুক্রবার কৌশলে শিশু রাব্বিকে একটি বাড়িতে নিয়ে যায়। পরে, রাব্বীর বাবা-মার কাছে ৩০ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা না দেয়ায় শুক্রবার রাতে রাব্বীকে হত্যার পর ধানক্ষেতে ফেলে দেয়।

উল্লেখ্য, উপজেলার গোপালপুর ইউনিয়নের গোকর্ন গ্রামের রফিকুল ইসলামের শিশুপুত্র গোলাম রব্বানী রাব্বি (৭) শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নিখোঁজ হয়। এরপর তার স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথাও তার সন্ধান পাননি। এ ঘটনায় তার মা শ্যামলী বেগম থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন।

এর ৩দিন পর গত সোমবার সকালে বাড়ির পাশে একটি ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসি। নিহতের মা বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে প্রতিবেশি ২ যুবককে গ্রেফতার করেছে।

এম২৪নিউজ/আখতার