
নিউজ ডেস্ক:
দিনাজপুর নার্সিং কলেজের হোস্টেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিথি আকতার নামে এক ছাত্রী। সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হোস্টেলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তিথি আকতার ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপাড়া গ্রামের মো. আলমগীর ইসলামের মেয়ে। তিনি দিনাজপুর নার্সিং কলেজের মিডওয়াইফারি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
আত্মহত্যার আগে বান্ধবীদের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন তিথি। চিরকুটে তিনি লিখেছেন, ‘আমাকে ক্ষমা করে দিও সবাই। কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি। বিদায় বান্ধবীরা। ইতি তোমাদের তিথি।’ চিরকুটে তারিখ ২৩/১১/২০২০ ও সময় সকাল ৯টা ২৫ মিনিট লেখা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মাগদেলেনা সরেন জানান, সকালে তিথি ডাইনিংয়ে দেরিতে আসেন। এ সময় তার বান্ধবীরা তাকে তাড়াতাড়ি নাস্তা করে পরীক্ষার রুমে আসার জন্য বলে চলে যান। পরে তিথি নাস্তা শেষ করে রুমে চলে যান। সকাল ৯টায় পরীক্ষা শুরু হলেও তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
পরে তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তিথিকে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিথির আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার