খামারের গরু বিক্রি করে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি ছুটছেন মিঠাপুকুরের জুয়েল

মো: শামীম আখতার:

যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। তারা জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

এমনই একটি প্রচেষ্টায় নিজের জমা-জমি না থাকলেও খামারের ৯টি গুরু বিক্রি করে সেই টাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে ভ্যানে করে প্রতিদিন অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি ছুটছেন মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের সফল খামারি হাবিবুর রহমান জুয়েল।

শনিবার সরেজমিনে ওই ইউনিয়নে গিয়ে তার খাদ্য সামগ্রী বিতরণের দৃশ্য চোখে পড়ে।

স্থানীয়রা জানায়, দেশব্যাপী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন সময়ের শুরু থেকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় তিন হাজার খেটে খাওয়া ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেন।

এরই অংশ হিসেবে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মাঝে বিতরণ করছেন বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী।ব্যাটারী চালিত ভ্যানে করে খাদ্য সামগ্রীর প্যাকেট নিয়ে সারাদিন ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে বিতরণ করছেন তিনি।

জানতে চাইলে খামারি হাবিবুর রহমান জুয়েল বলেন, ‘আমার জমি বলতে শুধু বাড়িভিটা। ছোট থেকেই আমি গরু পুষতাম। যা আস্তে আস্তে বর্তমানে একটি খামারে পরিণত হয়েছে। বর্তমান করোনা পরি¯ি’তিতে অসহায় দরিদ্র মানুষেরা কোনঠাসা হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন লজ্জায় কাউকে কিছু বলতে পারছেন না। খামারের ৯টি গুরু বিক্রি করে ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে খোঁজ নিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছি।’

তিনি আরো বলেন, ‘ওই এলাকার অনেক গরীব মানুষ আছে। আমি সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সংকটকালীন সময়ে অসহায়দের মাঝে আমার এ সহায়তা অব্যাহত থাকবে।’

এম২৪নিউজ/আখতার।