মিঠাপুকুরে একটি মসজিদের জমিতে একই নামে আরও একটি মসজিদ নির্মাণের চেষ্টা

এলাকায় উত্তেজনা-

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে একটি মসজিদের জমিতে একই নামে আরও একটি মসজিদ নির্মাণের চেষ্টার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার খিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে ১৯৪১ সালে স্থাপিত হয় খিয়ারপাড়া জামে মসজিদ। এর মধ্যে ১৪ শতক জমিতে অবৈধভাবে স্থানীয় প্রভাবশালী লোকমান হাকিম ও সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১০-১২ জন খিয়ারপাড়া জামে মসজিদ সম্পত্তির উপর একই নামে আরও একটি মসজিদ নির্মাণের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

মসজিদ কমিটির সদস্যরা ও মুসল্লীরা বাধা দিতে গেলে ওই ব্যক্তিরা নানা ভয়-ভীতি দেখায়। এ প্রেক্ষিতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হোসেন রংপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মিস পিটিশন ২৮/১৯ দায়ের করেন।

আদালতের নির্দেশে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ জারি করে। কিন্তু এ নির্দেশ অমান্য করে তারা ওই মসজিদের জমিতে আবারও মসজিদ নির্মাণের চেষ্টা করছেন। এ ঘটনায় এলাকায় ওই গ্রামে দু’গ্রপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য নোটিশ প্রদান করা হয়েছে। কেউ শান্তি ভঙ্গ করলে ব্যবস্থা গ্রহন করা হবে।