
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বনবিভাগের গাছ চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এ গাছগুলো রবিবার ইউপি সদস্য মোনায়েম হোসেনের স’মিল থেকে উদ্ধার করা হয়।
উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর (মরাহাটি) বাজারে ৫নং ওয়ার্ডের সদস্য মোনায়েম হোসেনের স’মিল থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চোরাই আকাশমণি গাছগুলোর মূল্য প্রায় এক লাখ টাকা।
বনবিভাগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার হেলেঞ্চা বনবিভাগের বিভিন্ন এলাকা থেকে চোরেরা শনিবার রাতের আঁধারে গাছ কেটে ওই স’মিলে রাখে। পরদিন এলাকাবাসি বনবিভাগকে খবর দেয়। পরে, বনবিভাগের লোকজন পুলিশ প্রশাসনের সহায়তায় গাছগুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে যায়।
স্থানীয়দের ধারনা, ইউপি সদস্য মোনায়েম হোসেনও এর সাথে জড়িত। গাছগুলো গোলাই কাঠের হিসেবে প্রায় ৫০ সিএফটি হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান।
এ ব্যাপারে হেলেঞ্চা বনবিভাগের বিট অফিসার রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে গাছ উদ্ধার করা হয়েছে। চোর সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় স’মিল মালিকসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার প্রক্রিয়া চলেছে।’
এম২৪নিউজ/আখতার