মিঠাপুকুরে গ্রীষ্মকালীন জাতীয় আন্ত:স্কুল প্রতিযোগিতায় হাতাহাতি

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে গ্রীষ্মকালীন জাতীয় আন্ত:স্কুল, মাদ্রাসা শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতায় বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান হাই স্কুল মাঠে খেলা চলাকালীন সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চিত্র সংগ্রহের সময় বাতায়ন২৪ডটকম এর রিপোর্টার রিপন শাহরিয়ারের উপর আক্রমণ হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলার ছড়ান হাই স্কুল মাঠে আয়োজিত উক্ত খেলায় নির্ধারিত ভেনু অনুযায়ী বেলা সাড়ে ১২টা নাগাদ ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় কেশবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সেমিফাইনাল ম্যাচটি চলছিল। ম্যাচ শুরুর ৩৫ মিনিটে ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এক খেলোয়াড় আক্রমনাত্মকভাবে চড়াও হন প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের উপর। এতে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা খেলা পরিচালক মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ করেন।

একপর্যায়ে দু’দলের খেলোয়ারদের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি শুরু হয়। এসময় মাঠের বাইরের শিক্ষার্থীরা ঢুকে পড়লে ঘটনা আরো তীব্র আকার ধারণ করে। এ সময় নিয়ন্ত্রণে মঞ্চ থেকে দুই প্রতিষ্ঠানের শিক্ষকগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মীমাংসার চেষ্টা করেন। এসময় শিক্ষক শিক্ষার্থীর মধ্যেও হাতাহাতির ঘটনা ঘটে।

হাতাহাতি চলাকালে রিপোর্টার রিপন শাহরিয়ার মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে চিত্র সংগ্রহ করছিলেন এ সময় ধাক্কা দিতে দিতে তাকে মঞ্চ থেকে ফেলে দেন ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল বারী। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম খেলা কমিটির সাথে কথা বলতে বলেন।

এ বিষয়ে খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকিন আলী জানান, খেলা চলাকালীন দুইদলের প্লেয়ারদের মধ্যে ধাক্কাধাক্কি চলছিল। আমরা মেটানোর চেষ্টা করেছি। আর রিপোর্টারের উপর আক্রমণের বিষয়টি আমার জানা নেই।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply