মিঠাপুকুরে ধর্ষিতা মাদরাসা ছাত্রী ও পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে

মুল আসামীরা ধরাছোয়ার বাইরে ।। 

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুুকুরে মামলা করে ধর্ষিতা মাদরাসা ছাত্রী ও তার পরিবার আসামীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তহীনতায় ভুগছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও মুল আসামীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামের শ্যালো মেশিন মেকানিক আব্দুল লতিফের মেয়ে ছড়ান বাহারুল উলুম আলিম মাদরাসার আলিম ২য় বর্ষের ছাত্রী। মাদ্রাসায় যাতায়াত করার সময় একই গ্রামের প্রভাবশালী মোবারক আলীর পুত্র রেজওয়ান মিয়া (২৮) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব সহ কু-প্রস্তাব দিয়ে আসছিল।

ওই ছাত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখান সহ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ২৯ অক্টোবর সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওৎ পেতে থাকা রেজওয়ান মিয়া ওই ছাত্রী পশ্চিম দুয়ারী ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে দুজনকেই তালাবদ্ধ করে রাখে।

পরবর্তীতে রেজওয়ানের পরিবারের লোকজন খবর পেয়ে লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ঘরের জানালা ভেঙ্গে ধর্ষক রেজওয়ানকে ছিনিয়ে নিয়ে যায় এবং ধর্ষিতাসহ বাড়ির লোকজনকে মারপিট করে গুরুত্বর আহত করে।

এ ঘটনায় ধর্ষক রেজওয়ান সহ ৪ জনকে আসামী করে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-জিআর:৫২৪/২০, তারিখ: ০৬/১১/২০২০ইং।

মামলার আসামী প্রভাবশালী ধর্ষক রেজওয়ানসহ অন্যান্য আসামীরা বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ধামকি অব্যাহত রাখায় বর্তমানে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রী ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।

এ ব্যাপারে মিঠাপুুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, একজনকে গ্রেফতার করা হয়েছিল। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এম২৪নিউজ/আখতার