চাঁদা না পাওয়ায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর

হাবিবুর রহমান (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাটে দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরে হামলা করে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হামলার শিকার এক ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও মামলার সূত্রে জানাযায়, উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাট বন্দরে পূর্ব গেনারপাড়া গ্রামের একরামুল হকের স্ত্রী সাগরী বেগম পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। বসতবাড়ির পাশে ওই ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে তিনি জ্বালানি বিক্রি করে আসছেন। সম্প্রতি স্থানীয় মোকছেদুল হক, আশরাফুল ইসলাম, আক্তারুলসহ নামধারী ৮/১০ জন সন্ত্রাসী ওই নারী ব্যবসায়ীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ব্যবসা করতে দেবেনা বলে শাসায়। তাদের দাবি না মানায় গত রোববার দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সাগরি বেগমের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালায় তারা।

আরো পড়ুন: বঙ্গবন্ধু ম্যুরালে হামলার প্রতিবাদে বিক্ষোভ, আল্টিমেটাম

এসময় বাধা দেওয়ায় সাগরিকে বেধড়ক মারপিট করা হয়। ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ টাকাসহ দুই লাখেরও বেশি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

তাদের হামলায় গুরুতর আহত সাগরিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় স্বজনেরা। এ ঘটনায় তিনি রংপুর আদালতে একটি মামলা করেছেন।