মিঠাপুকুরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, নারী অপহরণকারীসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে অপহরণের ২৪ ঘন্টা পর হাছান আলী (৪০) নামে এক ব্যাবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক নারী অপহরণকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার রাতে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার দেউতি এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী হাছান আলীকে উদ্ধারসহ অপহরণের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর দুর্গাপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে লাবনী বেগম (২৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত. আনোয়ার হোসেনের ছেলে শামীম মিয়া (৩০) ও একই গ্রামের মৃত. আজগার আলীর ছেলে শাহীন মিয়া (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাশেমপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে হাসান আলী গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্যবসায়ীক কাজে শুকুরেরহাটে যান। এসময় পূর্বপরিকল্পিতভাবে অপহরণকারীরা হাসান আলীকে মোবাইল ফোনে ডেকে এনে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার দেউতি গ্রামে আটকে রাখে। পরে তারা মোবাইল ফোনে হাসানের স্ত্রী দুলালী বেগমের নিকট ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। নয়তো হাসানকে মেরে ফেলার হুমকি দেন।

এঘটনায় হাসানের স্ত্রী দুলালী বেগম মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ তদন্তে নামে। সোমবার রাতে পীরগাছা উপজেলার দেউতি এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী হাছান আলীকে উদ্ধার করে পুলিশ। এসময় অপরহণের সাথে জড়িত লাবনী বেগম, শামীম মিয়া ও শাহীন মিয়া নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, গ্রেফতারকৃত সদস্যরা একটি সংঘবদ্ধ চক্র। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। তারা প্রথমে তাদের চক্রের সদস্যদের দিয়ে ফেসবুক ও মোবাইলে কথা বলে বন্ধুত্ত্ব সম্পর্ক গড়ে তোলে। ১০-১৫ দিন পর দেখা করার কথা বলে ডেকে আনে। এরপর নির্জন কোন জায়গায় নিয়ে গিয়ে চক্রের সদস্যরা সবকিছু ছিনিয়ে নেয় এবং পরিবারের কাছে টাকা দাবি করতে থাকে। টাকা আদায় না হওয়া পর্যন্ত চলতে থাকে অমানবিক নির্যাতন।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬/৩৪ ধারায় পেনাল কোড রুজু হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply