মিঠাপুকুরে দ্বিতীয় স্ত্রীর হাতে স্বামী খুন, অভিযোগ প্রথম স্ত্রীর

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে ভাইদের সহোগিতায় দ্বিতীয় স্ত্রী আনিছা বেগম ব্যবসায়ী সাইফুল ইসলামকে খুন করেছেন। পরে লাশ আম গাছের ডালে ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে প্রচারণা চালানো হয়েছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন নিহতের প্রথম স্ত্রী আনজুয়ারা বেগম।

উপজেলার ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর দক্ষিণপাড়া গ্রামে আনিছুর রহমানের উঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিহতের প্রথম স্ত্রী আনজুয়ারা (৪৫) বলেন, বদরগঞ্জ উপজেলার কচুয়া মন্ডলপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের (৫৫) সাথে দীর্ঘদিনের দাম্পত্য জীবনে ৩ সন্তান রয়েছে। বড় ছেলে আহসান হাবিবের বয়স ২৬ বছর, মেয়ে শাহারার বয়স ২১ বছর ও ছোট মেয়ে সাবিহার ১১ বছর। সুখেই সংসার চলছিল তাদের। এরই মধ্যে নেমে আসে ঘোর অনামিশা। ৩ বছর আগে মিঠাপুকুরের ময়েনপুর দক্ষিণপাড়া গ্রামের মফিজুল ইসলাম জাদু মিয়ার মেয়ে আনিছা খাতুনের (২২) সাথে পরকীয়া হয়। প্রেমের জালে ফেলে সে আমার স্বামীকে বিয়ে করে তার কাছে রাখে। সেখানেই ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন সাইফুল। কিন্তু সম্পত্তি লিখে না দেওয়ায় আনিছা ও তার ভাইয়েরা গত বছরের ২২ অক্টোবর রাতে শ্বাসরোধে হত্যা করে। এরপর স্থানীয় একটি মন্দিরের পাশে আমগাছের ডালের সাথে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে প্রচারণা চালায়। পরে, তারা পালিয়ে যায়।’ ওই সময় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছিল।

আনজুয়ারা বেগম আরও বলেন, এ ঘটনার এক মাস পর আমার স্বামীর হত্যাকারীরা নতুন ষড়যন্ত্রের ফাঁদ পাতে। নিজেদের অপরাধ ঢাকতে আনিছা বেগম নিরীহ গ্রামবাসির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এর মধ্যে ছাত্র তৌহিদুল ইসলাম, কৃষক আনিছুল ইসলাম, তহমুল, সেরাজুল ও মিলন মিয়াকে আক্রোশের বশবর্তী হয়ে মামলার আসামী করেছেন আনিছা বেগম। সংবাদ সম্মেলনে শতাধীক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আজিজ মিয়া (৮৫), জাহাঙ্গীর আলম (৭৫), গোলজার হোসেন (৬০), শাহজাহান মিয়া (৭৫) বলেন, ব্যবসায়ী সাইফুলকে হত্যা করেছেন দ্বিতীয় স্ত্রী আনিছা খাতুন ও তার ভাইয়েরা। এখন তারা গ্রামের নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে।’ একই কথা বলেন, মর্জিয়া বেগম (৭৫), চম্পলা রানী (৪৫), কল্পনা বেগম (৪৮), মমতাজ হোসেন (৭০), সোহরাব হোসেন (৫৫) আ. সালাম (৫২), মাজেদাসহ অনেকে।

নিহত সাইফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী আনিছা খাতুন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ব্যবসায়ী সাইফুলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আদালতে মামলার বিষয়ে বলেন, এখনও এ ধরনের কোন নথি হাতে আসেনি। তবে, কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানী করা হবেনা বলেও জানান তিনি।