
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে সৌজন্য পোস্টার, ব্যানার, বিলবোর্ড আছে কিন্তু সৌজন্যবোধ নেই। বিরল প্রাণীর মতো সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে সহযোগিতাবোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে। এটি রাজনীতির বড় নেতিবাচক দিক। শত চেষ্টা করেও এটা এড়ানো যাচ্ছে না। দিনদিন রাজনীতি বায়াস্ট হয়ে যাচ্ছে। বিষয়টি ভাবতে অবাক লাগে। আজ সামাজিক অনুষ্ঠান বা কারো মৃত্যুর জানাজায় যেতেও দ্বিধাবোধ সৃষ্টি হয়। এই মনোভাব রাজনীতি ও গণতন্ত্রের জন্য শুভ নয়।
গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয় উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র হলো দুই চাকার বাইসাইকেল, এটা মনে রাখতে হবে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও মনে রাখার ভূমিকা অপরিহার্য। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বিরোধী দলকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী বিরোধীদল ছাড়া শক্তিশালী গণতন্ত্র বিশ্বাস করা যায় না।
বিএনপি রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতির এক অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করছে বিএনপি। এখন গণতান্ত্রিক রাজনীতির বাধা হয়ে দাঁড়িয়েছে এই দেয়াল। তিনি বলেন, কারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল? বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, দূতাবাসে চাকরি দিয়েছিল? ইনডেমনিটি জারি করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করেছিলো কারা? আইন সংশোধন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করে রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল সেখান থেকেই সৃষ্টি হয়েছিল।
এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজও বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। জাতীয় পার্টি (জেপি) নেতাকর্মীদের উদ্দেশ্যেও বলতে চাই, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আসুন এক হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখি।
সূত্র: ডোইলী বাংলাদেশ।