
মো: শামীম আখতার:
রংপুরের মিঠাপুকুরে ইয়াবাসহ আটকের পর দুলু মিয়া ওরফে খুটা দুলু নামে চিহ্নিত এক মাদক কারবারি গ্রাম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১১ টার দিকে ময়েনপুর ইউনিয়নের বাতাসন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই মাদক কারবারির সহযোগী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পলাতক মাদক কারবারি দুলু মিয়া ওরফে খুটা দুলু উপজেলার ময়েনপুর ইউনিয়নের ময়েনপুর দক্ষিন পাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে এবং তার সহযোগী আটক রুবেল মিয়া একই গ্রামের দুদু মিয়ার ছেলে। ইয়াবাসহ আটক হওয়ার পরেও ধরাছোঁয়ার বাইরে থাকা ওই মাদক কারবারি পালিয়ে যাওয়ার ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাতাসন বাজার এলাকায় মাদক বিক্রির সময় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি দুলু মিয়া ওরফে খুটা দুলুকে আটক করে গ্রাম পুলিশ সদস্যরা। এরপর আটক মাদক ব্যাবসায়ীকে বাতাসন বাজার থেকে ময়েনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় বাজার থেকে কিছুদুর আসার পর গ্রাম পুলিশের হাত থেকে পালিয়ে যায় দুলু মিয়া ওরফে খুটা দুলু। এসময় তাকে আটকের চেষ্টা করলে আহত হয় হাফিজুর রহমান নামে একজন গ্রাম পুলিশ সদস্য।
গ্রাম পুলিশ সদস্য হাফিজুর রহমান বলেন, মাদক বিক্রির সময় ৪পিচ ইয়াবাসহ দুলু মিয়া ওরফে খুটা দুলুকে হাতেনাতে আটক করার পর তাকে পরিষদে নিয়ে যাওয়ার পথিমধ্যে সে আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। বিষয়টি মিঠাপুকুর থানায় অবগত করলে দুলুর সহযোগী রুবেল মিয়াকে ওই রাতেই আটক করেছে পুলিশ।
এদিকে, ৬ জন গ্রাম পুলিশের উপস্থিতিতে ধরাছোঁয়ার বাইরে থাকা ওই মাদক কারবারি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুলু মিয়ার সহযোগী রুবেল মিয়াকে আটক করা হয়েছে। পলাতক ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার