
স্টাফ রিপোর্টার:
বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভাল থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন হলে এ দেশে একজন মানুষও ভূমি ও ঘরহীন থাকবে না। সবার জন্য খাদ্যের নিশ্চয়তা থাকবে।
শনিবার (২০ আগষ্ট) বিকালে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুর গড়ে প্রধানমন্ত্রীর উপহারের ১৫০টি বাড়িতে বাস করা বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এইচএন আশিকুর রহমান এমপি।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, পরিত্যক্ত জায়গায় শাকসবজির বাগান গড়ে তুলতে হবে। গরু-ছাগল, হাঁস-মুরগি পালন করেও বাড়তি আয় করা সম্ভব। প্রয়োজনে এসব বিষয়ে পরিবারের নারীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। সমাপনি বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের স্থায়ী ঠিকানা দিয়েছেন। এই ঠিকানাকে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত আদর্শ জনপদে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাবুল চন্দ্র রায়, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আবু ফরহাদ পুটু, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান মঞ্জু প্রমুখ।
মতবিনিময় শেষে উপস্থিত সকলকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন এইচ এন আশিকুর রহমান এমপি।
এম২৪নিউজ/আখতার