
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে অভিযুক্ত মাদক ব্যবসায়ী জুয়েল বাবু ওরফে ঝন্টু মিয়ার চাচা আলতাবকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নুরপুর পাইকাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল মিয়া ওই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামালা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১ টার দিকে গ্রামে প্রকাশ্যে মাদক (হেরোইন) বিক্রি করছিলেন ঝন্টু মিয়া। এতে বাধা দেয় স্থানীয় মাদক নির্মুল কমিটির সদস্য রাসেল মিয়া নামে এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে পরিবারের অন্যান্য সদস্যরা মিলে রাসেল মিয়ার ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ী ঝন্টু মিয়া । একপর্যায়ে মাথায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাসেল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
স্থানীয় ইউপি সদস্য ফারুক-আল মোজাহিদ বলেন, নুরপুর গ্রামকে মাদকমুক্ত রাখতে উদ্যোগ নেয় স্থানীয়রা। সাবেক ওসি মোস্তাফিজার রহমানের উপস্থিতিতে গ্রামে একটি মাদকবিরোধী সভা করে কমিটি গঠন করা হয়। সেই সভায় প্রকাশ্যে আর কোনদিন মাদক বিক্রি করবে না বলে কথাও দিয়েছিল মাদক ব্যবসায়ী জুয়েল বাবু ঝন্টু। কিন্তু সে বিভিন্ন কৌশলে আবার মাদক ব্যবসা শুরু করে। গ্রামের মধ্যে প্রকাশ্যে এক যুবকের কাছে হেরোইন বিক্রির সময় মাদকবিরোধী কমিটির সদস্য রাসেল বাধা দিলে তার উপর হামলা চালানো হয়। বিষয়টি খুবই দুঃখজনক।
হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার রাসেল মিয়া বলেন, সকালে গ্রামের মোড়ে আসলে দেখতে পাই জুয়েল বাবু ঝন্টু একজনকে হেরোইন দিচ্ছে। তাৎক্ষনিকভাবে গ্রামের দুজনকে ডাক দেই। এসময় ক্রেতার কাছে মাদকের বিষয়ে জানতে চাইলে মাদক ব্যবসায়ী ঝন্টু, তার স্ত্রী লিমা বেগম ও তাদের সহযোগী আলতাব, জরিনা ও আজবানু বেগম দৌড়ে এসে আমাকে মারপিট শুরু করে। আমি কোনকিছু বুঝে উঠার আগেই মাদক ব্যবসায়ী ঝন্টু মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে আমার মাথায় কোপ মারলে মাটিতে পড়ে যাই। পরে গ্রামবাসীরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা লোতফার রহমান ও গোলাম সরওয়ার বলেন, এর আগে জুয়েল বাবু ঝন্টু ও তার স্ত্রী লিমা বেগম মাদকসহ আটক হয়েছিল। জামিনে বেরিয়ে এসে তারা আবারও তাদের মাদক ব্যবসা করছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কি প্রশাসনের কিছুই করার নেই? আমরা মাদকমুক্ত সমাজ চাই।
মিঠাপুকুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আহত যুবকের খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে একজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামী ঝন্টুকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
এম২৪নিউজ/আখতার