
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থা’র আয়োজনে কুড়ুঁক্ষ মাতৃভাষা ভিত্তিক শিক্ষাকেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৫ মার্চ) রাণীপুকুর ইউনিয়নের বলদীপুকুরে অফিস কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাণীপুকুর ইউপি চেয়ারম্যান মোঃ আবু ফরাদ (পুটু)।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম (বাবু), আদিবাসী নেতা গোলাপ বাড়া, মি. আব্রাহাম এল এক্কা, ওরাঁও কুড়ুক্ষ ভাষাগোষ্ঠীর আহবায়ক মি. রেমিশ কেরকেটা, ওরাঁ কুড়ুক্ষ জাতিগোষ্ঠীর লেখক মি. রনি খালকো, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থার রংপুর জেলার এরিয়া ম্যানেজার মি. রনজিত কেরকেটা, বিভিন্ন চার্চের পাস্টরগণ সহ এলাকার কুড়ুঁক্ষ জাতিগোষ্ঠী।
এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিঠাপুকুর উপজেলায় কুড়ুঁক্ষ জন গোষ্ঠীর সাথে ২০১৫ সাল থেকে উন্নয়নমূলক কাজ করে আসছে। যারমধ্যে উল্লেখযোগ্য শিখন চক্র, যুব উন্নয়ন, শিশু অধিকার, সচেতনতামূলক সভা, জাতীয় দিবস ও আদিবাসী দিবস পালন ইত্যাদি। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো মিঠাপুকুর উপজেলার ৬টি গ্রামে ওরাঁও-কুড়ুঁক্ষ ভাষাগোষ্ঠীর জন্য বাংলা হরফ দ্বারা তৈরী শিক্ষা উপকরণ ব্যবহার করে মাতৃভাষা ভিত্তিক শিক্ষাকেন্দ্র চালু করেছে সংস্থাটি।
এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা একটি গবেষণাধর্মী, প্রশিক্ষণ সহায়তা ও পরামর্শ দানকারী সংস্থা হিসাবে ২০০০ সাল থেকে বাংলাদেশে বিভিন্ন নৃতাত্বিক জনগোষ্ঠীর মাঝে কাজ করে যাচ্ছে।
সংস্থাটির কার্যক্রমগুলো হচ্ছে- যাদের নিজস্ব বর্ণমালা বা লিখিতরীতি নেই তাদের বর্ণমালা বা লিখিত রীতি উন্নয়ন, অভিধান তৈরী, মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষা উপকরণ তৈরী, দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ, বয়স্ক সাক্ষরতা, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি ইত্যাদি।
এম২৪নিউজ/আখতার