মিঠাপুকুরে পূর্ব শত্রুতার জেরে গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বাগানের ৪টি আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আনিছ গং এর বিরুদ্ধে। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জ্যোৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় চারজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত আম বাগানের মালিক সেফালী বেগম। অভিযুক্তরা হলেন- আনিছ মিয়া, ছাবের আলী, মাজেদ আলী ও রনজু মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের জ্যোৎপাড়া গ্রামের সেফালী বেগমের সাথে একই গ্রামের আনিছ গং এর জমি-জমা সংক্রান্ত পূর্ব শক্রতার কারণে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আনিছ মিয়ার বাবা ছাবের আলীর নির্দেশে গত বুধবার (১৬ আগষ্ট) সকাল ৮ টার দিকে সেফালী বেগমের জমিতে লাগানো ৪টি আম গাছ কেটে ফেলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে আনিছ ও তার লোকজনের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজ করে তারা চলে যায়।

ক্ষতিগ্রস্ত শেফালী বেগম বলেন, রাণীপুকুর মৌজার এসএ খতিয়ান ১৪৬, জরিপ খতিয়ান ২৪, সাবেক হালদাগ নং ৩৮ এর ৮৮ শতকের মধ্যে আমার ছোট চাচা সিদ্দিক মিয়ার পৈত্রিকসূত্রে পাওয়া ২৬ শতক জমি আমি ক্রয় করি। এবং সেখানে আমের বাগান লাগাই। আমার স্বামীর বাড়ী দুর্গাপুর গ্রামে। আমি সেখানেই বসবাস করি। দুরে থাকার কারণে জমিটি দেখাশোনা করেন আমার ছোট ভাই এনামুল।

তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে ওই জমির কিছু অংশ জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করছেন বড় চাচা ছাবের আলী ও তার ছেলে আনিছ মিয়া। এতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে ছাবের আলীর নির্দেশে তার ছেলে আনিছ মিয়া কয়েকজন সন্ত্রাসী নিয়ে গত বুধবার সকালে আমার বাগানের চারটি আম গাছ কেটে ফেলে। আমি গাছ কাটার বিচার চাই।

সেফালী বেগমের ছোট ভাই এনামুল বলেন, আমার বোনের জমিতে লাগানো আমের বাগানটি আমি দেখাশোনা করি। তারা পুর্ব শক্রুতার জেরে আমের গাছগুলো কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই। অভিযুক্ত ছাবের আলী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় নুরুল নামে একজনকে দ্বায়িত্ব দিয়েছি। উভয়পক্ষের খরচে আমিন এনে মাপজোঁক করে খুঁটি বসিয়ে দিবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply