
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের কেশবপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকানের ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ আগষ্ট) ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাতে কেসবপুর বাজারে বেলাল কসমেটিক্স আরিফুল ভ্যারাইটি স্টোর ও মামুন কম্পিউটারের দোকানসহ মোট চারটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে মিঠাপুকুর ফায়ার সার্ভিস। এর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন অনেকাংশেই নেভানো হয়। পরে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে চারটি দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন কেশবপুর বাজার মৃত শফিকুল ইসলামের ছেলে হাফেজ বেলাল হোসাইন। রেফ্রিজারেটর টিভি সহ প্রসাধনী ও ভ্যারাইটি স্টোরের দুটি দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এবং আরিফুল স্টোর ও মামুন কম্পিউটারের পিসি কম্পিউটার ও টিভি ফ্রিজসহ দোকানের প্রায় তিন লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে বেলাল হোসাইনের খালু আমিরুল ইসলাম জানান, সে ছোট বেলায় বাবাকে হারিয়েছে। এতিম একটা ছেলে। তাঁর স্বামীহারা মা ঢাকায় একটি গার্মেন্টে কাজ করেন। তার মায়ের যেটুকু জমানো টাকা ছিলো তা এবং বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে বাজারে কসমেটিক্স ও মুদিখানার দোকান দেয় সে। অসহায় ছেলেটার হঠাৎ সব শেষ হয়ে গেল।
প্রত্যক্ষদর্শী কামরু মিয়া জানান, আমি এই বাজারে হোটেলে কাজ করি। প্রতিদিনের ন্যায় সমস্ত কাজ শেষ করে ঘুমাতে যাচ্ছিলাম হঠাৎ কি রকম যেন আওয়াজ শুনতে পেলাম আমার পাশেই বেলালের দোকান এসে দেখি আগুন লেগেছে। পরে সবাইকে ডাকাডাকি ও এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি।
এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আমাদের দুটি ইউনিটের প্রায় আধা ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
এম২৪নিউজ/আখতার