
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের রায়েরপাড়া গ্রাম থেকে নয়ন চন্দ্র রায় (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে। তবে নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে পোস্ট মর্ডেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার লতিবপুর ইউনিয়নের ইটভাটার শ্রমিক হিরু চন্দ্র রায়ের বড় ছেলে নয়ন চন্দ্র রায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে গ্রামের একটি মোড়ের দোকানে চা খেয়ে বাড়িতে যায়। এদিন রাতে বৃষ্টি হওয়ায় তার বাবা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে বারোটার দিকে তিনি তার বাড়ির উঠনে ছোট একটি গাছে গলায় রশি পেচানো ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে লাশটি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বুঝতে পারেন কিশোর মৃত্যুবরণ করেছেন।
এরপর স্থানীয় চেয়ারম্যান-মেম্বারকে অবগত করে পুলিশকে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পোস্ট মর্ডেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এম২৪নিউজ/আখতার