
স্টাফ রিপোর্টার:
রংপুুরের মিঠাপুকুরে একটি বাঁশঝাড় থেকে রিয়াদ হোসেন (১৮) নামে এক যুবকের ফাঁসিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট চৌধুরীবাড়ি (হেতমপুর) গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াদ হোসেন একই এলাকার জাকির হোসেন ড্রাইভারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় যুবক রিয়াদ হোসেন বাড়ি থেকে স্থানীয় জায়গীর বাজারে যাওয়ার উদ্দেশ্য বের হয়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। রাতে তার বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঈদ উপলক্ষে কোন বন্ধুর বাড়িতে গেছে ভেবে ঘুমিয়ে পড়ে। আজ সোমবার গ্রামের রাস্তার পাশে একটি বাঁশঝাড়ে রিয়াদের ঝুলন্ত লাশ দেখতে পায় পথচারীরা তার পরিবারকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঈদের সময় যুবকের ফাঁসিতে ঝুলন্ত লাশ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনী কার্যক্রম চলছে।
এম২৪নিউজ/আখতার