
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ঠিকাদারের নাম মঞ্জুরুল ইসলাম (২৮)। তিনি উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন লতিবপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
সোমবার (৩০ অক্টোবর) রাত ৮ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ড এলাকার নিশ্চিন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চায়না কোম্পানির আওতায় নির্মাণাধিন রংপুর-ঢাকা ফোরলেন মহাসড়কের সাব ঠিকাদার হিসেবে কাজ করতেন মঞ্জুরুল ইসলাম। নির্মাণ শ্রমিক সরবরাহের ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে রাত ৮টার দিকে বাসায় ফিরছিলেন মঞ্জুরুল। মোবাইল ফোনে কথা বলতে বলতে মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বড়দরগাহ্ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জায়গীর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এম২৪নিউজ/আখতার