
নিউজ ডেস্ক:
রংপুরে সংস্কৃতিকর্মী রোমান সরকারকে হত্যার দায়ে ৮জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রংপুর বিশেষ জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর নগরীর পশ্চিম জুম্মাপাড়া মারুয়াপট্টি এলাকার হাফেজ আলীর ছেলে মো. আনিছ, মো. আশরাফুল, মো. আতারুল, মো. আমিনুল, মো. আলামিন, জয়নালের ছেলে মো. খোকন, খয়ের মুন্সির ছেলে মো. মোজাম্মেল এবং কাওসারের ছেলে নুরুন্নবী। রায় ঘোষণার সময় আদালতে ৭ আসামি উপস্থিত থাকলেও নুরুন্নবী পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, মাদকসেবনে বাধা দেওয়ায় পশ্চিম জুম্মাপাড়া এলাকার ভাইবোন নাট্যগোষ্ঠীর সংগঠক রোস্তম সরকারের বড় ছেলে রোমানের সঙ্গে আসামিদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। ২০০৯ সালের ২২ জুলাই সন্ধ্যায় বাজার করতে গেলে রোমানকে কৌশলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তারা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা রোস্তম আলী বাদী হয়ে ৯ জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মালেক বলেন, বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে। তারা আদালতের এ রায়ে সন্তুষ্ট।
এম২৪নিউজ/আখতার