
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে পঁচা ও বাসী মাংস বিক্রির দায়ে রফিকুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় জব্দকৃত পঁচা ও বাসী মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
আজ বুধবার দুপুরে উপজেলার লতীবপুর ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ডে ওভার ব্রিজের নিচে মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রুহুল আমিন।
তিনি জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকারী নিয়ম অমান্য করে জবাইকৃত গরুর স্বাস্থ্য পরীক্ষা না করে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সেইসাথে পঁচা ও ফ্রিজের বাসী মাংস একত্রিত করে সাধারন মানুষের সাথে প্রতারিত করে আসছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।
এমন সংবাদ পেয়ে জায়গীর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রফিকুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে পঁচা ও বাসী মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। ব্যবাসায়ীরা যেন সাধারন জনগনকে ঠকিয়ে মাংস বিক্রি করতে না পারে এজন্য এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ একরামুল হক মন্ডল সহ পুলিশ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আ