
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে আইন লঙ্ঘন করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ করার অপরাধে লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট ব্রাদার্স অটো রাইসমিল প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
তিনি জানান, পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন নিশ্চিত করণের লক্ষে জায়গীরহাট ব্রাদার্স অটো রাইচমিল প্রাইভেট লিমিটেড এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে আমরা হাতেনাতে প্লাস্টিকের বস্তায় চাল মজুদের বিষয়টি লক্ষ করি এবং তা জব্দ করি। পরে আইন অমান্য করার অপরাধে রাইচমিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে পাট জাত মোড়কে চাল রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।
তিনি আরও জানান, প্লাস্টিক বস্তায় চাল মজুদ রাখলে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। পরবর্তীতে প্রয়োজনে আমরা সেই আইনও ব্যবহার করব।
অভিযানে রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাহবুব বিশ্বাসসহ পুলিশ এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার