মিঠাপুকুরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী ও নারীসহ আহত-৫

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ লোকজনের হামলায় এক প্রতিবন্ধী ও নারীসহ ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় এক নারীকে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুলাল মিয়া নামে এক ব্যক্তি মিঠাপুকুর থানায় একটি এজাহার দিয়েছেন।

মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের পাহাড়পুর গ্রামে শুক্রবার সকালে বাক প্রতিবন্ধী ছেলে মাহাবুল হোসেন প্রতিপক্ষের উঠানে যাওয়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রতিন্ধী মাহাবুল হোসেন, জামিলা বেগম, মফিতন নেছা, দুলাল মিয়া ও ছাবু মিয়া। এদের মধ্যে জামিলা বেগমকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এজাহারের বর্ণনা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের দুলাল মিয়ার সাথে জিল্লুর রহমান, মন্ডল মিয়া ও শামিম মিয়াদের পারিবারিক কলহ-বিবাদ রয়েছে। পূর্ব শক্রতার কারণে দুলাল মিয়ার পরিবারকে মারপিটসহ নানা হুমকী দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার দুলাল মিয়ার প্রতিবন্ধী ছেলে মাহাবুল হোসেন প্রতিবেশির উঠানে বেড়াতে যায়। এসময় প্রতিপক্ষরা তাকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে দুলাল ও তার পরিবারের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদেরকেও বেধড়ক মারপিট করে। এতে, প্রতিবন্ধী ছেলেসহ ৫ জন আহত হন। এ ঘটনায় দুলাল মিয়া মিঠাপুকুর থানায় একটি এজাহার দিয়েছেন।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল হক সরকার বলেন, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।