
মো: শামীম আখতার ।।
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৯ তম জন্ম ও ৮৭ তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কোলকাতার ভাগলপুরে বেগম রোকেয়া মৃত্যু বরণ করেন। পরে সেখানকার শোদপুরে বেগম রোকেয়াকে সমাহিত করা হয়।
রোকেয়া দিবস উপলক্ষে রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দে তিন দিনব্যাপী (৯-১১ ডিসেম্বর) রোকেয়া মেলা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। দিবসের প্রথম প্রহরে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে তিনদিনের কর্মসূচীর আনুষ্ঠানিকতা শুরু হবে।
আরো পড়ুন: মিঠাপুকুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
প্রথমদিন আজ সোমবার সকাল নয়টায় বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে নয়টায় আলোচনা সভা ও তিন দিনব্যপী মেলার উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। প্রধান আলোচক কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং আলোচক হিসেবে থাকবেন বেগম রোকেয়া সরকারী কলেজের সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) প্রফেসর মোহাম্মদ শাহ আলম। দশটায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, বেলা একটায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধায় সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে।
মঙ্গলবার দ্বিতীয়দিনের আয়োজনে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সবশেষে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর’র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা: শুকরিয়া পারভীন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রোজাউল করীম রাজু, মিঠাপুকুর বাংলা একাডেমির উপ-পরিচালক আব্দুল্লাহ-আল ফারুক। সভাপতিত্ব করবেন মিঠাপুকুর উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূঁইয়া। প্রধান উপস্থাপক মাহিগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক (বাংলা বিভাগ) ড. নাসিমা আকতার এবং আলোচক হিসেবে থাকবেন প্রফেসর ড. আরেফিনা বেগম ও রফিকুর ইসলাম দুলাল। শেষে রয়েছে মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরো পড়ুন: রংপুরে পারিবারিক বিরোধে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা
বুধবার শেষদিনে রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, আলোচনা সভা, গুণীজন পদক প্রদান, নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম, রংপুর রেঞ্চের উপ-মহা পুলিশ পরিদর্শক দেবদাস ভট্ট্রাচার্য্য, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। সভাপতিত্ব করবেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। প্রবন্ধ উপস্থাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (বাংলা বিভাগ) ড. সরিফা সালোয়া ডিনা এবং আলোচক হিসেবে থাকবেন রংপুর বেতার’র সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম ও কাউনিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. শাশ্বত ভট্ট্রাচার্য্য।
আরো পড়ুন: রংপুরে আট মাদক ব্যবসায়ী আটক
পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্লাহ আল ফারুক বলেন, অন্যান্যবারের মত এবারো যথাযোগ্য মর্যাদায় সরকারীভাবে তিন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে রোকেয়া দিবস পালন করা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুন ভূঁইয়া বলেন, দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা সম্পন্ন করা হয়েছে।