
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে তিন দিনব্যাপী রোকেয়া দিবসের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় পায়রাবন্দ সরকারী বেগম রোকেয়া স্মৃতি কলেজ প্রাঙ্গনে ‘বেগম রোকেয়া সাহিত্যে নারী ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান।
রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি (বিপিএম, পিপিএম) মো: আব্দুল বাতেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। আলোচক ছিলেন কাউনিয়া ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক ড. শাশ্বত ভট্টাচার্য।
এরআগে, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, রোকেয়া পদক ও জয়ীতা নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। পরে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসের সমাপ্তি ঘটে।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে তিন দিনব্যাপী আয়োজিত মেলায় রোকেয়া প্রেমিদের পদচারণায় উজ্জীবিত হয়ে ওঠে বেগম রোকেয়ার জন্মভিটা পায়রাবন্দ।
এম২৪নিউজ/আখতার