
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে বেগম রোবেয়া সরকারী স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আরমিনা খাতুনের ওপর বর্বরোচিত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার মহাবিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপুরে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতশত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি অংশ নেন। এ সময় বক্তব্য দেন উপাধ্যক্ষ আবু আল বাকের, বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম দুলাল, সহযোগি অধ্যাপক আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে আরমিনার হামলাকারী তার স্বামী ও অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। সেই সাথে কলেজ ক্যাম্পাস এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।
উল্লেখ্য, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে আরমিনা খাতুন পায়রাবন্দ সরকারী স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ একাদশ শ্রেণির ছাত্রী।
গত ১০ আগষ্ট মহাবিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ভাংনী চৌপথি নামকস্থানে পৌঁছামাত্র আরমিনা খাতুনকে তার স্বামী ফেরদৌস আলম ডিপজল পথরোধ করেন। এরপর হাতুড়ি দিয়ে উপর্যুপরী মাথায় আঘাত করে পালিয়ে যান। এতে মাথা ফেটে গুরুতর রক্তাক্ত হয়ে আরমিনা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় তার স্বজনেরা।
এ ঘটনায় তার বাবা আবদুর রাজ্জাক বাদি হয়ে স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। তবে, কোনো আসামীকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার বাবা আবদুর রাজ্জাক বলেন, অনেক আশা করে মেয়েটাক বিয়ে দিয়েছিলাম। বিয়ের পরও সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। মেয়ের সুখের জন্য যৌতুকের টাকাও দিয়েছি। কিন্তু আরও টাকার জন্য মেয়েটাকে মারপিট করতো জামাই। জামাই সহায়তা করতো মা-বাবাসহ বাড়ির লোকজন। আমি আসামীদের কঠোর শাস্তি দাবি করছি।’
ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক আগে পাশের ফেরদৌস আলম ডিপজলের সাথে বিয়ে হয় আরমিনার। বিয়ের পর যৌতুক বাবদ মোটা অঙ্কের টাকা দেন আবদুর রাজ্জাক। কিন্তু আরও টাকার দাবিতে আরমিনাকে নির্যাতন চালাতেন স্বামী। এরপর বাবার বাড়িতেই অবস্থান করে কলেজে পড়ালেখা করছেন আরমিনা। এরই মধ্যে ১০ আগষ্ট এই মর্মান্তিক ঘটনা ঘটান তার স্বামী। তবে, অভিযুক্ত স্বামী ফেরদৌস আলম ডিপজল পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে বিভিন্নস্থানে অভিযান চলছে। আশা করি খুব দ্রুত আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
এম২৪নিউজ/আখতার