
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়ায় বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত (৮২) কে মারপিটের ঘটনায় শামীম মিয়া নামের একজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হরিশ্বর (মাষ্টারপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত (৮২) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলে আসছিলো একই এলাকার মৃত শমসের হাবিলদারের ছেলে শামীম মিয়ার (৪৫) এর।
এ সূত্র ধরে ঘটনার দিন গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শামীম মিয়া ষ্টিল পাইপ হাতে নিয়ে বীর মুক্তিযোদ্ধা তরনী কান্তের বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য গালিগালাজ করতে থাকে। এসময় তরণী কান্ত তাকে গালিগালাজের কারণ জানতে চাইলে শামীম মিয়া তার হাতে থাকা পাইপ দিয়ে মুক্তিযোদ্ধা তরনী কান্তের মাথায় আঘাত করে। তার আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে শামীম মিয়া পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বলেন, এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা তরনী কান্তের ছেলে শংকর চন্দ্র বর্মণ বাদি হয়ে গতকাল সোমবার কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার এসআই সাজু গতকালই মামলার আসামী হরিশ্বর গ্রামের মৃত শমসের হাবিলদারের ছেলে শামীম মিয়াকে আটক করে। পরে আটককৃতকে গ্রেফতার দেখিয়ে সোমবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার