মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূ মোসলেমা বেগম আইরিন (২২) হত্যা মামলার প্রধান আসামি (ওই গৃহবধূর স্বামী) তুষার আলম জীবনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার দুপুরে জীবনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন: মিঠাপুকুরে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাশুড়ী আটক

গত সোমবার সকালে বিছানা থেকে আইরিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জীবন পলাতক থাকলেও শাশুড়ি নুরজাহান বেগমকে ওই দিনই আটক করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর ভাঙ্গার পাড় গ্রামের আব্দুর রউফ এর ছেলে জীবন মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি। সে তিন বছর আগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বুঝরুক সমসের নগর এলাকার আহমদ আলীর মেয়ে মোসলেমা বেগম আইরিনকে বিয়ে করেন। সম্প্রতি, জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন জীবন। জুয়ায় টাকা নষ্ট করার প্রতিবাদ করে আইরিন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হয়।

এদিকে, গত সোমবার ভোররাতে গৃহবধূ আইরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকালে বিছানা থেকে আইরিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আইরিনকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে শ্বাশুড়ী নুরজাহান বেগমকে আটক করা হয়। ঘটনার পর থেকে লাপাত্তা স্বামী তুষার আলম জীবন। এ ঘটনায় আইরিনের বড় ভাই মুঞ্জরুল বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, আইরিন হত্যা মামলার প্রধান আসামি জীবনকে পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার মা নুজাহান বেগমকে আটক করা হয়।

এম২৪নিউজ/আখতার

One thought on “মিঠাপুকুরে গৃহবধূ আইরিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Leave a Reply