
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে এক দম্পতির কাছে ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদাদাবির অভিযোগে সালমান মাহমুদ রুবেল নামে এক কথিত সাংবাদিকসহ ২ সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাদেরকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মোকরমপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে সালমান মাহমুদ রুবেল ওরফে এসএম রুবেল নিজেকে একটি বেসকারী টিভি চ্যানেলসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন। সোমবার রাতে কথিত ওই সাংবাদিক দু’টি মোটরসাইকেল যোগে তার ৩ সহযোগিসহ পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন রিপন মিয়ার বাড়িতে যান। এসময় তারা রিপনকে বলেন, আমরা গোয়েন্দা পুলিশ ও সাংবাদিক। তুমি ইন্টারনেটে মেয়েদের নগ্ন ছবি আপলোড করে অবৈধভাবে টাকা ইনকাম করো। তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।’ এসময় তারা অবৈধভাবে সুবিধা আদায়ের চেষ্টা করেন। এসময় রিপন গোয়েন্দা ও সাংবাদিককে চ্যালেঞ্জ করলে তারা পালোনোর চেষ্টা করে। আশপাশের লোকজনের সহায়তায় ওই ৪ জনকে আটক করেন স্থানীয়রা।
আটককৃতরা হলেন- কথিত সাংবাদিক সালমান মাহমুদ রুবেল, ভূয়া গোয়েন্দা পুলিশ আতোয়ার রহমান, বাবু মিয়া ও মিঠু মিয়া। এর মধ্যে আতোয়ার রহমান পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কথিত সাংবাদিক ও দুই ভূয়া গোয়েন্দা পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে।
থানায় রাতভর এবং আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদেরকে ছেড়ে নেয়ার জন্য একটি মহল দেনদরবার চালায়। অবশেষে ৪ প্রতারকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
মামলার বাদি রিপন মিয়া বলেন, আমাকে ভয় দেখিয়ে তারা চাঁদা দাবি করে। অন্যথায় স্ত্রীসহ আমাকে ফাঁসানোর হুমকী দেয়। এলাকাবাসি তাদেরকে আটক করে পুলিশে দিয়েছে। আমি এর বিচার চাই।’
তবে, সাংবাদিক পরিচয় দেওয়া সালমান মাহমুদ রুবেল চাঁদাদাবির কথা অস্বীকার করে বলেন, আমি সেখানে গিয়ে দুই মিনিট কথা বলেছি। ইন্টারনেটে মেয়েদের অশ্লীল ছবি আপলোড করে টাকা ইনকামের ব্যাপারে জানতে চেয়েছি। আমাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।’
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ‘গ্রেফতারকৃতরা ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়েছিল। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে প্রতারকদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের সহযোগি অন্য পলাতক একজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।’
এম২৪নিউজ/আখতার।