মিঠাপুকুরে রোকেয়া দিবস পালিত, নেই তেমন কোন কর্মসূচী

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে এবারে তেমন কোনো কর্মসূচি নেই। করোনাক্রান্তিকালের জন্য আনুষ্ঠানিকতা ছাড়াই পালিত হয়েছে দিবসটি।

আজ বুধবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও বেলা ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, মিঠাপুকুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মামুন ভূঁইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন প্রমুখ।

বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্লাহ আল ফারুক বলেন, পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলাসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। করোনাভাইরাসের কারণে এবারে তেমন কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। শুধুমাত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভা, এরআগে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এম২৪নিউজ/আখতার