
মো: শামীম আখতার।।
রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে ৩ চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৭ মে) জুমার নামাজের সময় ভাংনী ইউনিয়নের আদমপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গঙ্গানারায়নপুর সরকারপাড়া গ্রামের রাজ্জাক সরকারের ছেলে রিপন মিয়া (৩০), গঙ্গানারায়নপুর গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে সাদ্দাম হোসেন শাকিল (২২) ও পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন-অর রশিদ (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার ভাংনী ইউনিয়নের আদমপুর জামে মসজিদের সামনে মোটরসাইকেল রেখে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করেন মাহমুদ নামে একজন মুসল্লী। সেখানে (মসজিদের বাহিরে) ৩ জন অপরিচিত লোক ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
জুমার নামাজ চলাকালীন সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করার চেষ্টা করে সংঘবদ্ধ চোরের ওই ৩ সদস্য। এসময় রিপন, সাদ্দাম ও হারুনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বলেন, আটক ওই ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ এপ্রিল) ভাংনি মসজিদের সামন থেকে ১টি পালসার ও ১টি ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় সংঘদ্ধ চোরের সদস্যরা।
এম২৪নিউজ/আখতার