মিঠাপুকুরে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ইজতেমা

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুর জেলা ইজতেমা আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে। ৭,৮,৯ নভেম্বর ৩ দিনব্যাপী ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। নিজাম উদ্দিনের অনুসারী মূল ধারার তাবলীগ জামাত রংপুরের আয়োজনে মিনি ইজতেমাটি প্রতি বছরের মত এবারো রংপুরের অদুরে ঢাকা-রংপুর মহাসড়েকর বেগম রোকেয়া গেট ও দমদমা থেকে ৫০০ গজ পূর্বদিকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর প্রশিকা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে।

ইজতেমা তদারকির দায়িত্বপ্রাপ্ত মাহমুদুল হক আমিন জানান, কমিটি ও স্থানীয়দের সহযোগীতায় ইজতেমার কাজ সম্পন্ন করা হয়েছে। প্যান্ডেল, অজুখানা, অস্থায়ী টয়লেট, পানি, বিদ্যুৎসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য মিঠাপুকুর পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সহযোগীতা করবেন। গত বছর মহাসড়কের দমদমার পশ্চিমে ঘাঘটের তীরে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৩ লাখেরও বেশি মুসল্লীর সমাগম হয়েছিল। এবার ইজতেমায় ৫ লাখ লোক সমাগমের আশা করা হচ্ছে। ব্যাপক মুসল্লির আগমনের জন্য প্রতিদিন ইজতেমাস্থলে সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে মতবিনিময় করা হচ্ছে। মুসল্লিদের সুবিধার জন্য ঘাঘট নদীর উপর বেশ কয়েকটি স্থানে সাঁকো নির্মান করা হয়েছে। এছাড়াও ১৫শ টয়লেট, ১ হাজার লাইটিং, যানবাহন রাখার আলাদা ব্যবস্থাসহ মুসল্লিদের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমাকে ঘিরে বেশ আনন্দিন এলাকাবাসী। ইতিমধ্যে সব ধরনের দোকান পাট বসেছে এখানে।

পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান জানান, ইজতেমা শান্তিপূর্ণভাবে সফল করার জন্য ১০১ সদস্য বিশিষ্ট সেচ্ছাসেবকের একটি কমিটি করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নিজে সব সময় খোঁজ-খবর নিচ্ছি। এলাকাবাসী যে যেভাবে পারছেন স্বেচ্ছায় সহযোগীতা করছেন। সবমিলে আগামী ৯ নভেম্বর (ইস্তেমার শেষ দিন) বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে ভালভাবে ইজতেমা সমাপনী হবে বলে আশা করছি।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, ইজতেমার নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক সতর্ক অবস্থায় থাকবেন।

২ thoughts on “মিঠাপুকুরে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ইজতেমা

Leave a Reply