
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে একই সময়ে সভা ডেকেছে মহানগর বিএনপির দুই গ্রুপ। আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ১০টায় ডাকা এ সভাকে ঘিরে বর্তমানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মহানগর বিএনপি সূত্র জানায়, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ১০টায় সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু। এদিকে, একই স্থানে একই সময়ে সমাবেশ ও আলোচনা সভা আহ্বান করেছেন মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামু।
এ ব্যাপারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু সাংবাদিকদের জানান, মহানগর বিএনপির কার্যকরী কমিটি সভা করে ঘোষণা দেয়, ৭ নভেম্বর উপলক্ষে দলীয় কার্যালয়ে সমাবেশ ও আলোচনা সভা করবে।
তিনি বলেন, যেহেতু আমি দায়িত্বে আছি আমাকে সমাবেশ করতেই হবে। শহীদুল ইসলাম মিজু আরও বলেন,শামু সাহেব কেন একই সময়ে সমাবেশ আহ্বান করেছেন, এর উত্তর তিনি দিতে পারবেন? এর আগে আমরা সকালে কোনও কর্মসূচি পালন করলে তারা বিকালে তা করতো। কিন্তু এবার কেন একই সময়ে সমাবেশ আহ্বান করলো আমার জানা নেই।
এ ব্যাপারে মহানগর বিএনপির সহ-সভাপতি শামসুজ্জামান শামু দাবি করেন, আমরা আগে সমাবেশ আহ্বান করেছি। ওনারা কেন একই সময়ে সভা ডাকলেন? যথা সময়ে আমাদের সমাবেশ হবে।
যোগাযোগ করা হলে রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা সাংবাদিকদের বলেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।