
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে পাওনা টাকার জেরে বাকবিতন্ডার এক পর্যায়ে গাঁজা ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক মাদকসেবীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের শীববাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ (৩৭) শিববাজার হাজিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং ঘাতক গাঁজা ব্যবসায়ী মোস্তফা (৩৬) একই গ্রামের নেছার আলীর ছেলে।
এই নৃশংস হত্যাকান্ডের এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। রাত দশটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানায়, মোস্তফা পেশাদার গাঁজা ব্যবসায়ী। ৩’শ পঞ্চাশ টাকা পাওনার জের ধরে হত্যাকান্ডের শিকার হারুন অর রশিদ কে কৌশলে ডেকে নেয় ঘাতক মোস্তাফা। শিববাজার এলাকার নির্জন একটি কলাবাগানে দুজনে একসাথে গাঁজা সেবনের সময় পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে গাঁজা কাটা ছুরি দিয়ে বুকের নিচে আঘাত করলে ঘটনাস্থলেই হারুন মারা যায়।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে দুই মাদকসেবীর মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মাদকসেবী মোস্তফা অপর মাদকসেবী হারুন অর রশিদ কে ঘুষি মারে। এতে হারুন অর রশিদ পাশে থাকা ইউক্লিপটাস গাছের শিকড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
মিঠাপুকুর বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, হত্যাকান্ডে অভিযুক্ত মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এম২৪নিউজ/আখতার