
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে হাতকড়াসহ মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়া এবং হাতকড়া ফেরৎ দিতে এসে ছোট ভাই গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার বিকালে বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্র হতে তাদেরকে রংপুর পুলিশ লাইনে তুলে নেওয়া হয়েছে।
ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন- বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইউনুস আলী ও সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিব হোসেন।
উল্লেখ্য, গত বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর ইউনিয়নের তুলসীডাঙ্গা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইউনুস আলী, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এসময় তারা ২শ ৫০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী সুভাষ চন্দ্র দাসকে (৪৫) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে সুভাষকে নিয়ে ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার দুলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সুযোগ বুঝে গ্রেফতারকৃত সুভাষ চন্দ্র দাস হাতকড়াসহ পালিয়ে যায়। বিভিন্নস্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে হাতকড়া ফেরৎ দেওয়ার জন্য আসেন সুভাষ চন্দ্র দাসের ছোটভাই সুশিল চন্দ্র দাস (৪০)। তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পালিয়ে যাওয়া সুভাষ চন্দ্র দাসকে গ্রেফতারের চেস্টা চলছে বলে জানান বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজির হোসেন।
এম২৪নিউজ/আখতার