
অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বরই খেতে গিয়ে অবৈধ সেচ পাম্পের সংযোগে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু মামাত ও ফুফাত ভাই।
নিহত ওই দুই শিশু উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী গ্রামের দিনমজুর মমিনুলের পুত্র আল আমিন (১২) ও দিনমজুর আজিদুলের পুত্র আলিমুল হক (৫)
বুধবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা বালাটারী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। শিশুদের নানা ছকি উদ্দিন জানান, প্রতিবেশী আবু বক্কর তার ইরিধান চাষাবাদে অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ কাজ করছিল। এ সময় শিশু দুটি বরই পেড়ে ওই জমির আইল দিয়ে হেঁটে আসার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পরে। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফজিলাতুন নেছা শিশু দুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। আপন মামাতো-ফুফাত দুই ভাই বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ১ম শ্রেণিতে পড়ত। তাদের অকাল মৃত্যুতে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ছকি উদ্দিন।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যুর বিষয়টি থানায় জানানো হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
কুড়িগ্রাম-লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল জানান, অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু খবর শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার