
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার ২০০ পরিবারের মাঝে শর্তবিহীন টাকা, সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া, নারায়ণপুর ও বেরুবাড়ী ইউপি চত্বরে শুরু হওয়া দুই দিনব্যাপী এ বিতরণ কার্যক্রম শুক্রবার শেষ হয়েছে।
এ বিতরণ কার্যক্রমে নুন খাওয়া, নারায়ণপুর ও বেরুবাড়ী ইউপির ৪ হাজার ২০০ পরিবারকে মোবাইল অ্যাপসের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা, সার, বীজসহ ১৫টি কৃষি উপকরণ দেয়া হয়।
ডিপার্টমেন্ট ও ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড অস্ট্রেলিয়ার অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার কারিগরি সহযোগিতায় এ সহায়তা দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মোস্তাফিজার রহমান প্রধান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার প্রতিনিধি খন্দকার আবু তাহের সিদ্দিক, জুলফিকার আলী, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, নুন খাওয়া ইউপি চেয়ারম্যান সাহাবুল হোসাইন সাবুল প্রমুখ।
স্থানীয় উন্নয়ন সংস্থা সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল জানান, এসব পরিবারের মাঝে নগদ অর্থসহ ১ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫টি কৃষি উপকরণসহ মোট ২ কোটি ৫২ লাখ টাকার সহায়তা প্রদান করা হচ্ছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।