দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক আরোহী নিহত

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গোলবাহার নামে এক আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গোলবাহার উপজেলার দহগ্রাম ইউপির সর্দারপাড়া গ্রামের গোমর উদ্দিনের ছেলে। আর আহতরা হলেন দহগ্রামের বাসিন্দা জসিম উদ্দিন ও হামিদুল ইসলাম।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন গোলবাহার। পথে পাটগ্রাম থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন খাদে পড়ে যান। 

এ সময় স্থানীয়রা গুরুতর আহত গোলবাহারকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান গোলবাহার।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আহত দুজনই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।