গাইবান্ধায় বরযাত্রীবাহী নৌকাডুবি, বরের নানির মৃত্যু

অনলাইন ডেস্ক:

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত এক শিশুকে জেলা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোববার রাতে সদর উপজেলার কামারজানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই উপজেলার মালিবাড়ি ইউনিয়নের সাখাওয়াত হোসেনের স্ত্রী। তিনি বর লিটন মিয়ার নানি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের কুরুয়াবাদা গ্রাম থেকে নৌকায় করে ১৫ জন বরযাত্রী নিয়ে সদর উপজেলার কামারজানি গ্রামের পাড়দিয়ারা এলাকায় যাচ্ছিলেন বর লিটন মিয়া। নৌকাটি কামারজানী বন্দর থেকে কিছু দূরে যাওয়ার পর বিপরীতমুখী আরেকটি বড় নৌকা ধাক্কা দেয়। এতে বরযাত্রীবাহী নৌকাটি উল্টে গিয়ে সাতজন আহত হন। গুরুতর আহত অবস্থায় বরের নানি ফাতেমা বেগম ও শিশু স্বাধীনকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেলা হাসপাতালের ডা. সুজন পাল জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। শিশু স্বাধীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply