
নিউজ ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরের কিল-ঘুষিতে প্রাণ হারিয়েছেন মেয়ের জামাই আনছার আলী। এ ঘটনায় বাবার বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী।
শুক্রবার উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শ্বশুর চান মিয়া।
নিহত আনছার আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বেঙ্গুলিয়া গ্রামের চান মিয়ার মেয়ে হামিদা বেগমের সঙ্গে আনছার আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ঘরজামাই হিসেবে থাকছিলেন আনছার আলী। শুক্রবার দুপুরে টাকা নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনছার আলীর বুকে ও পেটে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন শ্বশুর চান মিয়া। পরে পরিবারের সদস্যরা আনছার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মতিউর রহমান বলেন, এ ঘটনায় বাবা চান মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী হামিদা বেগম। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের স্ত্রী হামিদা বেগম বলেন, আমার স্বামী ও সন্তান ঢাকায় শ্রমিকের কাজ করেন। তারা বাড়ি ফিরলে আমার বাবা ঘর দেয়ার জন্য স্বামীর কাছে টাকা দাবি করেন। ওই টাকা না পেয়ে আমার বাবার কিল-ঘুষিতে স্বামী মারা যান। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার