
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরী উপজেলার সৈয়দপুর ইউপির বসন্তপুর গ্রামের বাসিন্দা।
পীরগঞ্জ থানার এসআই স্বপন জানান, গত ডিসেম্বরে ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের এজাবুল হকের ছেলে রনি ইসলাম নামে এক যুবকের সঙ্গে কিশোরী প্রেমের টানে পালিয়ে যায়। এ ঘটনায় ১০ ডিসেম্বর ওই কিশোরীর বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় তার মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে ২৩ ডিসেম্বর ওই কিশোরীকে উদ্ধার করে ওই যুবককে আটক করা হয়। পরদিন তাকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেলখানায় বন্দি রয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, শুক্রবার সকালে ওই কিশোরীর মায়ের সঙ্গে মেহমান যাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয় ওই কিশোরীর সঙ্গে। পরে মনের ক্ষোভে মায়ের ওপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ঘরের চালার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার